তথ্যপ্রযুক্তি ও বিপিও খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬-এ ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ নির্বাচিত হয়েছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মুসনাদ ই আহমদ।
দেশের তথ্যপ্রযুক্তি এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অসামান্য অবদান রাখার জন্য ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুসনাদ ই আহমদ। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ ক্যাটাগরিতে এই সম্মাননা গ্রহণ করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এবং শিল্প মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রংপুরের গঙ্গাচড়ার একটি সম্ভ্রান্ত শিক্ষক পরিবারে বেড়ে ওঠা মুসনাদ ই আহমদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ২০০৮ সালে কর্মজীবন শুরুর পর চাকরির পাশাপাশি নিজস্ব কিছু করার অদম্য স্বপ্ন থেকে ২০১৩ সালে সামান্য ব্যাংকঋণের অর্থায়নে তিনি যাত্রা শুরু করেন স্কাইটেক সলিউশনসের। শুরুর দিকের সীমিত পুঁজি এবং নানা আর্থিক প্রতিবন্ধকতা জয় করে তাঁর মেধা ও শ্রমে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি ও বিপিও প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে স্কাইটেক সলিউশনে নয় শতাধিক দক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করছে স্কাইটেক সলিউশনস। বর্তমানে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং, কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ব্যাক-অফিস অপারেশনের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সফলভাবে রপ্তানি করছে। এর ফলে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য আন্তর্জাতিক মানের দক্ষতাভিত্তিক কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। শুধু নিজের প্রতিষ্ঠানের প্রসারই নয়, বরং বিশ্বের অন্যতম বৃহৎ বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের বাংলাদেশি চ্যানেল পার্টনার হিসেবে কাজ করার মাধ্যমে তিনি দেশের স্থানীয় উৎপাদক, রপ্তানিকারক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক ক্রেতাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছেন।
জাতীয় পর্যায়ে এই বিরল সম্মাননা অর্জনের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. মুসনাদ ই আহমদ জানান, অত্যন্ত ক্ষুদ্র পরিসরে যে স্বপ্নের যাত্রা তিনি শুরু করেছিলেন, রাষ্ট্রীয় পর্যায়ের এই স্বীকৃতি তাঁর জীবনের অন্যতম গর্ব ও আবেগের মুহূর্ত। তিনি এই সাফল্যকে একক অর্জন হিসেবে না দেখে স্কাইটেক সলিউশনসের প্রতিটি কর্মীর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার ফসল হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দেশের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সঠিক দিকনির্দেশনা ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করতে পারলে এই তরুণরাই বাংলাদেশকে বিশ্ববাজারে প্রযুক্তি ও সেবা রপ্তানির প্রধান কেন্দ্রে পরিণত করবে। ভবিষ্যতে নতুন উদ্যোক্তা তৈরি, বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং তরুণদের জন্য আরও টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই সফল উদ্যোক্তা।



