পলাতক কোনো আসামি সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার চেষ্টা করলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে। সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কঠোর হুঁশিয়ারি দেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।
সীমান্তের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা জোরদারের উদ্যোগ এবং চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে গৃহীত পদক্ষেপগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি। কর্নেল নাসির উদ্দিন জানান, অবৈধভাবে কেউ যেন সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকতে বা বাইরে যেতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত সুরক্ষা এবং মানুষের জানমাল রক্ষায় বাহিনীটি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
ময়মনসিংহ সেক্টরের প্রায় ২৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত কাজ করছেন বলে জানান সেক্টর কমান্ডার। অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা উল্লেখ করে কর্নেল নাসির উদ্দিন বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস এবং ড্রোনের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ চলছে। আরও ৬৫টি সিসিটিভি ও ৩৩টি সার্চলাইট বসানোর কাজ চলমান রয়েছে। দুর্গম ও নদীতীরবর্তী পথে বিশেষ যান এটিভি ব্যবহারের পাশাপাশি প্রতিটি বিওপিতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও চালানো হচ্ছে।
হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্তে সম্ভাব্য তৎপরতা সংক্রান্ত তথ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গোয়েন্দা নজরদারি ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখা যায়নি। কোনো তথ্যকেই হালকাভাবে না নিয়ে ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অভিযানের পরিসংখ্যান তুলে ধরে সেক্টর কমান্ডার জানান, এই সময়ে ময়মনসিংহ সেক্টরের সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন ঠেকানো হয়েছে। পাশাপাশি চারজন মানব পাচারকারীকে আটক ও পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, আর ৫৮ জন পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সময়ে মাদক চোরাচালানে জড়িত ৭০ জনকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে কর্নেল নাসির উদ্দিন বলেন, সন্দেহভাজন কাউকে ঘোরাঘুরি করতে দেখলে বা অবৈধ পারাপারের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব এবং এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



