ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে এই নোটিশটি পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন (সদস্য আইডি নং ৬২০২)।

রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন · inarticle_1

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে উল্লেখ করেছেন, কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে-বিপক্ষে অবস্থান থেকে নয়; বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষার দায়িত্ববোধ থেকে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

নোটিশে জাতীয় নিরাপত্তার ঝুঁকির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। সেখানে বলা হয়, দীর্ঘ সময় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা, গোয়েন্দা নেটওয়ার্ক এবং কূটনৈতিক প্রোটোকল সংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘদিন অবস্থান করলে এসব রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থাকে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এ ক্ষেত্রে ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে অবস্থান এবং ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার পরবর্তী ভূরাজনৈতিক সংকটের উদাহরণ টানা হয়েছে।

প্রত্যাবর্তন প্রক্রিয়ার রূপরেখা হিসেবে নোটিশে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে তাকে ফেরাতে সহযোগিতা চাওয়া। দ্বিতীয়ত, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের আওতায় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে তার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরি করা, যেখানে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল তাকে আইনি হেফাজতে নেবে। এরপর হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পারমিট ইস্যু করে বাণিজ্যিক বা বিশেষ চার্টার্ড ফ্লাইটে পুলিশি পাহারায় তাকে ঢাকায় আনার প্রস্তাব করা হয়েছে।

দেশে ফেরার পর জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে তাকে সরাসরি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে কারা আইন ও জেল কোড অনুযায়ী তার পৈতৃক বাসভবনকে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ ‘সাব-জেল’ বা উপ-কারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়।

বিচারিক প্রক্রিয়া সম্পর্কে নোটিশে বলা হয়েছে, আইনি হেফাজতে থাকাবস্থায় তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিলম্ব মার্জনার আবেদনসহ আপিল করার সুযোগ পাবেন। পাশাপাশি অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখতে তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় নিরপেক্ষভাবে কার্যকরের ওপরও জোর দেওয়া হয়।

নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে লিখিতভাবে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।