অনুপযুক্ত কর্মীকে উপযুক্ত দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির নিবন্ধন বাতিল করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিদেশে কর্মী প্রেরণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কঠোর বার্তা দেন। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন শ্রমবাজারে যেসব রিক্রুটিং এজেন্সি স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বা অনুপযুক্ত কর্মীদের ভুয়া কাগজপত্রের মাধ্যমে উপযুক্ত দেখিয়ে পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।

বিজ্ঞাপন · inarticle_1

অভিবাসন ব্যয় শূন্যের কোঠায় নামিয়ে আনার সরকারি সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী জানান, গতকাল সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল কোম্পানিতে কাজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন এবং আগামী ৯ তারিখে আরও একটি দল একই প্রক্রিয়ায় সেখানে যাবে। প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষায় সরকারের বহুমুখী পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, বিদেশে অবস্থানরত কর্মীদের আইনি জটিলতা নিরসনে বিশেষায়িত ল’ফার্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুদ্ধাবস্থা কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।

প্রবাসীদের স্থানীয় ও চিকিৎসাজনিত সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা নিষ্পত্তিতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে নিয়মিত একটি করে সমন্বয় সভা করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সেবা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এরই অংশ হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সেবায় অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এবং নিজেদের নিরাপদ রাখতে প্রবাসীরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের প্রচলিত আইনকানুন ও রীতিনীতি যথাযথভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। অভিষেক অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।