ভর্তুকির বোঝা কমিয়ে রাজস্ব সংস্কার ও লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা চালুর পরামর্শ বিশ্বব্যাংকের

স্বল্প রাজস্ব আদায়, ক্রমবর্ধমান অনুন্নয়ন ব্যয় এবং জ্বালানি খাতের বিশাল ভর্তুকির চাপে বাংলাদেশের উন্নয়নমূলক খাতে বিনিয়োগ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে দেশের সামষ্টিক অর্থনীতির এই নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার সরকারি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রাজস্ব সংস্কারকেই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

প্রতিবেদনে দেশের অর্থনীতির অন্যতম প্রধান দুর্বলতা হিসেবে কর্মসংস্থানের স্থবিরতাকে চিহ্নিত করা হয়েছে। দেশের তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদার তুলনায় পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। পরিসংখ্যান অনুযায়ী, কর্মক্ষম প্রতি পাঁচজন নারীর মধ্যে তিনজনই বর্তমানে শ্রমবাজারের বাইরে রয়েছেন এবং মোট শ্রমশক্তির ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। এর পাশাপাশি রাজস্ব আহরণে ব্যর্থতা অর্থনীতিকে আরও চাপে ফেলেছে; ২০২৪-২০২৫ অর্থবছরে কর আদায় ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম। ফলে উন্নয়ন ও শিক্ষা খাতে ব্যয় সংকুচিত হয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নয়ন ব্যয় জিডিপির ২ দশমিক ৮ শতাংশে এবং শিক্ষা খাতে ব্যয় মাত্র ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে, ঋণের সুদ পরিশোধ এবং জ্বালানি ভর্তুকির ক্রমবর্ধমান বোঝা সরকারের আর্থিক সক্ষমতাকে আরও সীমিত করে ফেলছে। চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে ঋণের সুদ পরিশোধ ব্যয় বেড়ে জিডিপির ২ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে বলে প্রাক্কলন করা হয়েছে, যেখানে অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একইভাবে, বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৭-২০১৮ অর্থবছরের জিডিপির ০ দশমিক ৩ শতাংশ থেকে পাঁচ গুণ বেড়ে ২০২৪-২০২৫ অর্থবছরে ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে, যা বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ভবিষ্যতে আরও বাড়ার শঙ্কা রয়েছে।

এই সংকট কাটিয়ে রাজস্বের পরিসর বাড়াতে বিশ্বব্যাংক পাঁচটি জরুরি সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে করনীতি প্রণয়ন থেকে কর প্রশাসনকে আলাদা করা, ডিজিটাল ব্যবস্থার সমন্বয় এবং একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর মাধ্যমে কর প্রশাসনের আধুনিকায়নের কথা বলা হয়েছে। পাশাপাশি ২০২১-২০২২ অর্থবছরে জিডিপির ৬ দশমিক ৯ শতাংশে পৌঁছানো অপ্রয়োজনীয় কর অব্যাহতি কমিয়ে আনা, ভ্যাট ও বাণিজ্য শুল্ক সংস্কার এবং একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি মূল্য নির্ধারণের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া, ২০২৬ সালে দারিদ্র্যের হার বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছানোয় ঢালাও ভর্তুকির বদলে ‘ফ্যামিলি কার্ড’ ও শক্তিশালী সামাজিক নিবন্ধনের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে সরাসরি সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের মতে, এসব সংস্কার যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে অর্জিত বাড়তি অর্থ স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।