অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ ও আশপাশে নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে টহল ও যানবাহন তল্লাশি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (১৮ নভেম্বর) বেবিচকের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব দপ্তরে এই জরুরি নির্দেশনা পাঠানো হয়।

বিজ্ঞাপন · inarticle_1

বেবিচক সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের প্রতিটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে বলা হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথগুলোতে তল্লাশি কার্যক্রম কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী প্রতিটি যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। এছাড়া টার্মিনাল ভবনের বাইরের অংশ বা ল্যান্ডসাইড এলাকায় সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদার করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি যানবাহন তল্লাশিতে আরও কঠোর হতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর থানা পুলিশকেও টহল কার্যক্রম বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোই নয়, দেশের আঞ্চলিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর নিরাপত্তাতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, দেশের যেসব বিমানবন্দরে রাতের বেলায় নিয়মিত ফ্লাইট পরিচালিত হয় না, সেসব স্থাপনাতেও রাতে নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে। বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রানওয়ে এলাকার সুরক্ষায় কোনো ধরনের শিথিলতা না দেখাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।