অন্তর্বর্তী সরকারের আনা দুর্নীতির অভিযোগকে ‘প্রতিহিংসামূলক’ দাবি করে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন ব্রিটিশ এই এমপি
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে আনা দুর্নীতির অভিযোগের জেরে গত বছর ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। সম্প্রতি গুটো হ্যারি এবং ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ এই আইনি পদক্ষেপের ইঙ্গিত দেন। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পডকাস্টে টিউলিপ সিদ্দিক দাবি করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন এবং বিষয়টি নিয়ে এরই মধ্যে শীর্ষস্থানীয় আইনজীবীদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। নিজের অবস্থান ব্যাখ্যা করে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই এমপি জানান, একজন স্বনামধন্য আইনজীবী তাঁকে নিশ্চিত করেছেন যে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট আইনি ভিত্তি তাঁর রয়েছে। বর্তমানে তিনি তাঁর আইনি দলের সঙ্গে সম্ভাব্য সব বিকল্প খতিয়ে দেখছেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় আছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঢাকার উপকণ্ঠে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে তাঁর খালাকে প্রভাবিত করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপের অনুপস্থিতিতেই তাঁকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন এবং ওই একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করে আসছেন।
এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ এই মামলাগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন। সে সময় তিনি উল্লেখ করেছিলেন, খালা শেখ হাসিনা ও অধ্যাপক ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের ‘বলি’ হয়েছেন তিনি। টিউলিপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী তা জানতে চেয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠালেও কোনো সদুত্তর পাননি। এমনকি অধ্যাপক ইউনূস লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে টিউলিপ হাতে লেখা চিঠির মাধ্যমে সরাসরি দেখা করার অনুরোধ জানালেও ইউনূস তাতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে তিনি দাবি করেন।



