ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী ৭ ডিসেম্বর সিআইডিকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই সময় নির্ধারণ করেন। পল্টন থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন · inarticle_1

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে ফেরার পথে দুষ্কৃতকারীদের গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এর আগে ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলেও বাদীপক্ষ তাতে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে অভিযুক্তদের মধ্যে ১১ জন কারাগারে থাকলেও বাকি ৬ জন এখনও পলাতক।