শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, বর্তমানে যারা আন্দোলনের নামে সহিংসতা ও সড়ক অবরোধ করছে, তাদের মূল উদ্দেশ্য ভিন্ন। মজুরি বোর্ডের শ্রমিক নেতাদের দাবি মেনে ইতোমধ্যে বোর্ড গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক অবরোধ করেনি। সাম্প্রতিক সময়ে যেসব মুখোশধারীকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তে দেখা গেছে তারা রাজনৈতিক স্লোগান দিচ্ছিল। অর্থাৎ সাধারণ শ্রমিকদের আড়ালে অন্য কোনো গোষ্ঠী অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
এর আগে সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। নবগঠিত মজুরি বোর্ড শিগগিরই সভায় বসে বাস্তবানুগ সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয় এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে। শ্রমিকদের বিষয়গুলো সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে। তাই বাস্তবতার নিরিখে ন্যায্য মজুরি নির্ধারিত হলে অসন্তোষের কোনো কারণ থাকবে না।
মালিকদের সঙ্গে বৈঠকে শিল্প কারখানার সুরক্ষা ও সহযোগিতা চাওয়া হয়েছে। যেসব কারখানায় উদ্দেশ্যমূলকভাবে অচলাবস্থা তৈরি করা হচ্ছে এবং যেসব সংগঠন বা ব্যক্তি বিশৃঙ্খলা উসকে দিচ্ছে, তাদের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রকৃত শ্রমিকরা স্বার্থবিরোধী কাজে জড়াতে পারেন না বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



