শারীরিক অসুস্থতা এবং চিকিৎসাধীন থাকার কারণ উল্লেখ করে জাতীয় সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন, সংসদ থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুসারে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর কার্যকরভাবে অব্যাহতি নেওয়ার বিষয়টি তিনি স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানিয়েছেন, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্রটি পাঠান এবং ১৫ নভেম্বর সেটি তাঁর দপ্তরে পৌঁছায়।

বিজ্ঞাপন · inarticle_1

চিঠিতে ড. ওসমান ফারুক উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজের শারীরিক সুস্থতা পুনরুদ্ধারকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি হয়ে পড়েছে। সংসদ সদস্যের দায়িত্ব ছাড়তে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।

স্পিকারের উদ্দেশে তিনি আরও লেখেন, কিশোরগঞ্জবাসীর প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান ও গৌরবের বিষয়। তাঁর এই অপারগতার সিদ্ধান্তে সহকর্মী সংসদ সদস্য ও নিজ এলাকার জনগণ হতাশ হবেন না বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য স্পিকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তবে পদত্যাগপত্রে অসুস্থতার কথা বলা হলেও রাজনৈতিক মহলে এ নিয়ে ভিন্ন গুঞ্জন রয়েছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্রের দাবি, নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় ড. ওসমান ফারুকের মধ্যে একধরনের চাপা অসন্তোষ কাজ করছিল। মূলত সেই অভিমান থেকেই তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

পেশাগত জীবনে কৃষি অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং পরবর্তীতে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ড. ওসমান ফারুক। পরবর্তীতে দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ২০২৪ সালের ২৪ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।