পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন পুনর্নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আন্দোলনরত শ্রমিকদের দাবির মুখে রোববার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে।

শনিবার মালিকপক্ষ (বিজিএমইএ ও বিকেএমইএ) এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের সফল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যৌথ আলোচনার ভিত্তিতেই মজুরি বোর্ডের রূপরেখা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে শ্রমিক প্রতিনিধিরা তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1


পোশাক খাতে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং চাকরিচ্যুতদের পুনর্বাসনের দাবিতে সম্প্রতি শ্রমিকরা আন্দোলনে নামেন। মিরপুর, সাভার ও গাজীপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে জনসাধারণ ভোগান্তিতে পড়েন।

সরকার ও কারখানা মালিকদের ইতিবাচক সম্মতির পর প্রজ্ঞাপন জারির চূড়ান্ত প্রক্রিয়া চলছে। নতুন এই মজুরি বোর্ড গঠনের মাধ্যমে পোশাক শিল্পখাতে চলমান অসন্তোষ নিরসন হবে এবং শ্রমিকদের দীর্ঘদিনের যুক্তিসঙ্গত বেতনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে।