জাতিসংঘের বিশেষ দূত কেলি কারির সঙ্গে বৈঠকে রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতি ও মানবিক সহায়তা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, দ্রুত ও টেকসইভাবে ফিরিয়ে নেওয়াই চলমান সংকটের একমাত্র স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ স্পষ্ট অবস্থান তুলে ধরেন। বৈঠকে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, দীর্ঘদিনের এই মানবিক ও রাজনৈতিক সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়ন করা এখন সময়ের দাবি।
আলোচনার শুরুতে বাংলাদেশে প্রথম সফর সম্পন্ন করায় জাতিসংঘের বিশেষ দূতকে অভিনন্দন জানান শামা ওবায়েদ। বৈঠকে কেলি কারি সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং সেখানে আশ্রয় নেওয়া জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ দূত গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার তহবিল ও সরবরাহ সংকট ক্রমেই প্রকট হচ্ছে এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় শিবিরগুলোতে হতাশা বাড়ছে। প্রতিমন্ত্রী এ সময় শিবিরের সার্বিক পরিস্থিতি ও রোহিঙ্গাদের প্রত্যাশা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
বৈঠকে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং বিশেষ করে রাখাইন রাজ্যের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, রাখাইনে বসবাসরত অবশিষ্ট রোহিঙ্গারা এখনো চরম সহিংসতা, বৈষম্য এবং নতুন করে বাস্তুচ্যুতির ঝুঁকির মুখে রয়েছেন। এমতাবস্থায় সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো ধরনের বাধা ছাড়াই মানবিক সহায়তা পৌঁছানোর পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সংকটের মূল কারণগুলো নির্মূল করতে অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে আসে। শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করা না গেলে অঞ্চলে স্থায়ী শান্তি ফিরবে না। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার আসন্ন রায়ের প্রতি বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আইসিজের এই ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।



