গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ

রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উত্তরার একটি আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারের পরপরই নিরাপত্তার স্বার্থে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।