পরীক্ষামূলক সরবরাহে ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে চলছে উৎপাদন ও গ্রিড সমন্বয়ের কারিগরি যাচাই

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়। প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, এই ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা একটানা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে। নির্ধারিত এই সময়ে কেন্দ্রের অভ্যন্তরীণ উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে তার সমন্বিত পরিচালনব্যবস্থা কতটা সুচারুভাবে কাজ করছে, তা খতিয়ে দেখতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

বিজ্ঞাপন · inarticle_1

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর কেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাঠানো হয়েছিল, যেখানে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়। প্রথম ধাপের সেই অগ্রগতির ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফার সংযোগ কার্যক্রম শুরু হলো, যা কেন্দ্রটির পূর্ণাঙ্গ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পরীক্ষামূলক সরবরাহের মাধ্যমে উৎপাদন ইউনিটগুলোর স্থিতিশীলতা এবং গ্রিড সঞ্চালন ব্যবস্থার ভারসাম্য ও সক্ষমতা বাস্তব পরিবেশে যাচাই করা সম্ভব হচ্ছে। ধাপে ধাপে এই কারিগরি মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হলে জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় রূপপুর প্রকল্পের অবদান আরও সুসংহত হবে।