মৌলিক সুবিধা থাকলেও গুণগত মান ও সংরক্ষণের ঘাটতিতে বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি
দেশে পানির উৎসের প্রাপ্যতা থাকলেও তা কতটা নিরাপদ, তা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক জরিপের তথ্য বলছে, দেশের প্রায় ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সুবিধা পেলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। এর অর্থ হলো, নিরাপদ পানির নির্ধারিত মানদণ্ড ও সব শর্ত পূরণ হচ্ছে না প্রায় ৬২ দশমিক ৯ শতাংশ মানুষের ক্ষেত্রে। ফলে পানির সরবরাহ থাকলেও গুণগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না।
পরিবারের ব্যবহারের পানিতে জীবাণুর উপস্থিতি এবং বিভিন্ন উৎসে আর্সেনিকের মাত্রা সহনীয় সীমা ছাড়িয়ে যাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে পানির গুণমানের এমন চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহার্য পানিতে ই-কোলাই ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে, যা ২০১৯ সালের ৮১ দশমিক ৯ শতাংশের তুলনায় বেশি। পাশাপাশি পানির উৎসেও ই-কোলাই পাওয়ার হার ৪০ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৪৭ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে, যা পানির দূষণ বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দেয়।
আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকিও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম সীমার চেয়ে বেশি আর্সেনিকযুক্ত উৎসের পানি ব্যবহার করছেন দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ, আর জাতীয় মানদণ্ড অনুযায়ী প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ। যদিও ২০১৯ সালের তুলনায় এই হার কিছুটা কমেছে, তবুও বিপুলসংখ্যক মানুষ এখনো এই ঝুঁকির মধ্যে রয়েছেন। এ ছাড়া দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ এমন উৎসের পানি ব্যবহার করছেন, যেখানে লবণাক্ততার মাত্রা প্রতি সেন্টিমিটারে ৩ হাজার মাইক্রোসিমেন্সের বেশি, যদিও জাতীয় গড়ের বাইরে নির্দিষ্ট অঞ্চল বা জেলার ঝুঁকি আলাদাভাবে চিহ্নিত করা প্রয়োজন।
নিরাপদভাবে ব্যবস্থাপিত পানির হিসাব নির্ধারণে কেবল উৎস উন্নত হওয়া যথেষ্ট নয়; বরং উৎসটি বাড়ির ভেতরে বা প্রাঙ্গণে থাকা, প্রয়োজনের সময় পানি পাওয়া এবং পানিতে ই-কোলাই ও মাত্রাতিরিক্ত আর্সেনিক না থাকার শর্তগুলো পূরণ হতে হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অসচেতনতা, অপরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে অনেক সময় ব্যবহার্য পানিতে জীবাণু ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না। তাই দীর্ঘদিনের আর্সেনিক ও লবণাক্ততার সমস্যা মোকাবিলায় পানির উৎসের নিয়মিত পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া জরুরি।



