সাবলেট বা ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাসা খালি করার কঠোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ কিংবা কোনো নির্দিষ্ট কক্ষ ভাড়া বা সাবলেট দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে জারি করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ইতোমধ্যে যারা নিয়ম ভেঙে সরকারি বাসার কোনো অংশ ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব ভাড়াটিয়া সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা বা ফ্ল্যাটের মূল বরাদ্দপ্রাপক কোনো অবস্থাতেই তার নামে বরাদ্দকৃত আবাসনের পুরোটা কিংবা আংশিক কোনো কক্ষ অন্য কারও কাছে ভাড়া বা সাবলেট দিতে পারবেন না। যারা ইতোপূর্বে এ ধরনের অনিয়মে জড়িয়েছেন, তাদের নির্ধারিত তারিখের মধ্যেই বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে নিয়ে যথানিয়মে নিজ পরিবারসহ বরাদ্দকৃত বাসায় অবস্থান নিশ্চিত করতে হবে। সরকারি আবাসনের শৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসনের পক্ষ থেকে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নির্ধারিত সময়সীমা অর্থাৎ আগামী ৩০ নভেম্বরের পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট কিংবা ভাড়াটিয়া থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে অভিযুক্ত কর্মকর্তাকে কোনো ধরনের পূর্ববর্তী কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ অনুযায়ী তার বাসার বরাদ্দ সরাসরি বাতিল করা হবে। পাশাপাশি সরকারি বিধি লঙ্ঘনের দায়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি আবাসনে অবৈধভাবে ভাড়াটিয়া রাখার প্রবণতা রোধে এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তর তাদের আওতাধীন সব সরকারি বাসা ও ফ্ল্যাটে সাবলেট বন্ধে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের আলোকে নতুন এই সংশোধিত ও চূড়ান্ত নির্দেশনা জারি করা হলো।



