মার্কিন এই অর্থায়ন সংস্থার তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে বড় ধরনের বেসরকারি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হলো
শ্রম অধিকার সুরক্ষা, আইন সংশোধন এবং তার বাস্তবায়নে ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতিস্বরূপ ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানান, গত সোমবার ডিএফসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এই অর্থায়নের জন্য যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত মূল্যায়নের পর চলতি মাসের শুরুতে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বাংলাদেশের এই যোগ্যতা অনুমোদন করেন। এর ধারাবাহিকতায় আগামী বছরের শুরুতে ডিএফসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্ভাব্য প্রকল্প ও সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফর করবে।
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর শ্রমমান ও অধিকার নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা হারিয়েছিল বাংলাদেশ, যা ডিএফসির তহবিল পাওয়ার ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে মার্কিন ওই কর্মকর্তার মতে, অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রাথমিক শ্রম সংস্কার উদ্যোগ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রাসঙ্গিক সনদগুলো অনুসমর্থন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকারের নতুন শ্রম আইন পাস ও তার কার্যকর প্রয়োগ এই অচলাবস্থা কাটাতে মূল ভূমিকা রেখেছে। তিনি উল্লেখ করেন, কেবল আইন প্রণয়ন নয়, বরং দীর্ঘ সময় ধরে তা বাস্তবায়নে সরকারের সুনির্দিষ্ট ও দৃশ্যমান পদক্ষেপই ওয়াশিংটনের আস্থা ফিরিয়ে এনেছে।
ডিএফসি প্রচলিত কোনো উন্নয়ন ব্যাংক নয়, বরং ‘সহায়তা নয়, বাণিজ্য’ নীতির ভিত্তিতে পরিচালিত যুক্তরাষ্ট্র সরকারের একটি বিশেষায়িত বিনিয়োগ শাখা। প্রতিষ্ঠানটি ঋণ, ঋণের নিশ্চয়তা, ঝুঁকি বিমা এবং সরাসরি ইকুইটি বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে যুক্ত হয় এবং প্রচলিত বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি ঝুঁকি নেওয়ার সক্ষমতা রাখে। ২০১৮ সালে আধুনিক কাঠামোয় ডিএফসি প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশই প্রথম দেশ হিসেবে এই সংস্থার অর্থায়নের যোগ্যতা অর্জন করল। এর মাধ্যমে যেমন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, তেমনি যুক্তরাষ্ট্রের কৌশলগত বাণিজ্যিক স্বার্থও সুরক্ষিত হবে বলে মনে করে ওয়াশিংটন।
সংস্থাটির অগ্রাধিকারপ্রাপ্ত সাতটি খাত—গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, স্বাস্থ্যসেবা, জ্বালানি, আর্থিক সেবা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, অবকাঠামো এবং প্রযুক্তি ও টেলিযোগাযোগের মধ্যে বাংলাদেশে মূলত জ্বালানি এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের বিশেষ সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। এখনো কোনো নির্দিষ্ট প্রকল্প চূড়ান্ত না হলেও যোগ্যতা অর্জনের পরপরই বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং এখন প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই করা হবে। মার্কিন কূটনীতিকের মতে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি), জ্বালানি সহযোগিতা স্মারক এবং সর্বশেষ ডিএফসির এই অন্তর্ভুক্তি দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। তবে এই বিপুল বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের সামগ্রিক ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ আরও উন্নত করার ওপর জোর দিয়েছেন তিনি।



