আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা গ্রহণ করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই আদেশ দেন।
এর আগে, গত ১ নভেম্বর আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করেন ট্রাইব্যুনাল। সেদিন এক ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায়, এবি পার্টির এক অনুষ্ঠানে ফুয়াদ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। সেখানে তিনি ‘বস্তা ভরে লেনদেন হচ্ছে’ বলেও অভিযোগ তোলেন, যা ট্রাইব্যুনালের নজরে আসে।
শুনানিতে ট্রাইব্যুনালে হাজির হয়ে আসাদুজ্জামান ফুয়াদ ব্যাখ্যা দিয়ে বলেন, তার ওই বক্তব্য বিচারকদের উদ্দেশ্য করে দেওয়া হয়নি।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, বিচার বিভাগ নিয়ে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ তোলা সমীচীন নয়; অভিযোগ থাকলে সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা উচিত। এ ধরনের সাধারণীকৃত বা ঢালাও অভিযোগ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন করতে পারে।
আদালত অবমাননার বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল জানান, এর আগে আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একই ধরনের অপরাধে আরও কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও আইন নিয়ে সমালোচনা করার অধিকার নাগরিকদের রয়েছে, তবে ঢালাও কোনো অভিযোগ করা যাবে না। আসাদুজ্জামান ফুয়াদকে ‘দেশের জন্য একজন মূল্যবান সম্পদ’ হিসেবে অভিহিত করে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন আদালত।
পরবর্তীতে ফুয়াদ ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আশ্বাস দিলে ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।



