ঢাকা

বাংলাদেশ দল নিয়ে মুগ্ধ ওয়াসিম আকরাম, প্রশংসায় ভাসালেন নাহিদ রানাকে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সে মুগ্ধ হয়ে দলটির ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের ফাস্ট বোলিং আক্রমণ ও সামগ্রিক ক্রিকেটকে উচ্চমানের বলে উল্লেখ করেছেন তিনি।

সিলেট টেস্টে জয় পাওয়ার মাধ্যমে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। পুরো সিরিজে ব্যাটিং, বোলিং ও পরিকল্পনায় বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। পাকিস্তান খুব কম সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পেরেছে।

এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াসিম আকরাম লেখেন, পাকিস্তানের টানা দ্বিতীয় হার হতাশাজনক হলেও বাংলাদেশ পুরোপুরি প্রাপ্য দল হিসেবেই জয় পেয়েছে। তাঁর মতে, বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ টেস্ট দলের মতো ক্রিকেট খেলেছে।

বাংলাদেশের উইকেট নিয়েও নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানান সাবেক এই তারকা পেসার। তিনি বলেন, একসময় বাংলাদেশের মাঠ মানেই ছিল স্পিননির্ভর ধীরগতির উইকেট। কিন্তু এখন সেখানে পেসারদের সহায়ক প্রতিযোগিতামূলক উইকেট তৈরি হচ্ছে, যা বাংলাদেশের বোলারদের আরও ভয়ংকর করে তুলেছে।

বিশেষভাবে প্রশংসিত হয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ওয়াসিম আকরাম তাঁকে অসাধারণ প্রতিভা হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর বোলিং দেখাটা উপভোগ্য। ভবিষ্যতে বড় মঞ্চে নাহিদ আরও সফল হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের টেস্ট দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন ওয়াসিম। তাঁর মতে, এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্য অর্জন করেছে বাংলাদেশ।

সিরিজে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়দের দাপট ছিল চোখে পড়ার মতো। স্পিনার তাইজুল ইসলাম সর্বোচ্চ ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা বোলার হন। নাহিদ রানা নেন ১১ উইকেট। ব্যাট হাতে মুশফিকুর রহিম করেন সর্বোচ্চ ২৫৩ রান, আর লিটন দাস যোগ করেন ২৩৯ রান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স