ঢাকা

ভূমিকম্প প্রস্তুতিতে ঢাকায় ৪৪৫টি স্থানকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে চূড়ান্ত করার উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানী ঢাকায় সম্ভাব্য ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় ৪৪৫টি স্থানকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কার্যক্রম এগিয়ে চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।

মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে গোপালগঞ্জ-১ আসনের সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ১৮৯টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

দুর্যোগমন্ত্রী বলেন, শুধু আশ্রয়স্থল নির্ধারণই নয়, নগর এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় বড় পরিসরে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার কাজও চলছে। ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রায় এক লাখ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের তথ্য একত্র করে একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করা হচ্ছে।

তিনি আরও জানান, ভূমিকম্প ও সুনামি সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ ও প্রচারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। এ কাজে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।

আসাদুল হাবিব বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প ও সুনামির ঝুঁকির মধ্যে রয়েছে। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সরকার দীর্ঘমেয়াদি প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি নতুন স্থাপনা নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভবনগুলো দুর্যোগ সহনশীল হয়ে ওঠে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স