ঢাকা

ইশরাক হোসেনের প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার ঘটনায় তাঁর আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন। তবে তাঁর দাবি, ওই দিন তিনি কোনো ভুল করেননি। নিজের নিরাপত্তার প্রয়োজনেই সীমিত সময়ের জন্য অস্ত্রটি হাতে রেখেছিলেন বলে জানান তিনি।

ইশরাক আরও জানান, তিনি প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তাঁর পরিকল্পনা হলো, ঢাকা-৬ আসনসহ আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয়ভাবে কাজ করা। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীও তাঁকে এ কাজে যুক্ত হওয়ার সম্মতি দিয়েছেন।

প্রেসক্লাবে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগান

সংবাদ সম্মেলন শুরুর নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁকে স্বাগত জানিয়ে সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের মুখে ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’—এ ধরনের স্লোগান শোনা যায়।

কয়েকজন নেতাকর্মীর হাতে ফুলের তোড়াও দেখা যায়। প্রেসক্লাব প্রাঙ্গণে পৌঁছানোর পর নেতাকর্মী ও সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। পরে তাঁদের সঙ্গে নিয়ে তিনি প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে যান। সেখানেও সমর্থকেরা স্লোগান দিতে থাকেন।

এর আগে বেলা পৌনে দুইটার দিকে কালো রঙের একটি গাড়িতে করে প্রেসক্লাবের ফটক দিয়ে প্রবেশ করেন তিনি।

ফেসবুক পোস্টে আগেই পদত্যাগের ইঙ্গিত

সোমবার সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক জানিয়েছিলেন, দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত ঘোষণা দেবেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্যম নিয়ে কাজ করতে চান। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তারে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

নিজের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, তাঁর অগ্রাধিকার হবে মাদক নির্মূল, মন্ত্রিত্ব নয়। পোস্টে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর

এর আগে রোববার সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। ওই দিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পাঠান বলে খবর প্রকাশিত হয়। সেখানেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

আগ্নেয়াস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া নিয়ে বিতর্ক

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ঘটনাটি ঘিরে বিএনপি ও সরকারের অভ্যন্তরেও অস্বস্তি এবং অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা যায়। এর পরপরই ইশরাকের পদত্যাগের নির্দেশ নিয়ে খবর সামনে আসে এবং সোমবার সংবাদ সম্মেলনে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।



নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স