ঢাকা

রেফারির সমালোচনায় ফিফার শাস্তির মুখে মিসর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করায় শাস্তির মুখে পড়েছেন মিসর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান, দলটির পরিচালক ইব্রাহিম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, হোসাম ও ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মিসর। ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের শেষ দিকে ২-২ সমতায় থাকা অবস্থায় পেনাল্টির আবেদন করলেও রেফারি তা নাকচ করে দেন। এর আগে ফাউলের অভিযোগে মোস্তফা জিকোর একটি গোলও বাতিল করা হয়েছিল।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিসরের কোচ হোসাম হাসান। তাঁর অভিযোগ, মাঠের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কয়েকটি বিষয় ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার চেষ্টা হয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে, ম্যাচ পরিচালনাকারী রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই ঘটনায় দলের পরিচালক ইব্রাহিম হাসানও তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার হয়ে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ গোল করেন। ৭৯ মিনিটে রোমেরো এবং ৮৩ মিনিটে মেসির গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে ফার্নান্দেজের গোলেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

রেফারিকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কলিনা রেফারিদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, রেফারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তাঁদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও নিরাপত্তাঝুঁকিতে ফেলতে পারে।

এদিকে, নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ জানতে ফিফার শৃঙ্খলা কমিটির সঙ্গে যোগাযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে সংস্থাটি।

এই শাস্তির প্রভাব পড়তে পারে মিসরের আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে। আগামী নভেম্বরে মালাউইয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে কোচ হোসাম হাসান ও পরিচালক ইব্রাহিম হাসানকে পাবে না দলটি। আগামী মার্চের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচেও তাঁদের অনুপস্থিত থাকতে হবে। অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে আগামী জুন পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে হবে ফরোয়ার্ড মোস্তফা জিকোকে।


নিউজটি আপডেট করেছেন : Desk

কমেন্ট বক্স