চলতি সপ্তাহেই বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা গুছিয়ে এনে নোটগুলো সরবরাহের জোর প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত নতুন নকশায় ১০০ টাকার নোট ছাপানো হচ্ছে না; বাজারে আগের নকশার নোটই পাওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত সপ্তাহেই নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে ছাড়ার লক্ষ্য ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে নোট পরিবহনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। ফলে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যায়।

বিজ্ঞাপন · inarticle_1

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করে পরিবহনসহ বাকি আনুষ্ঠানিকতা শেষ হলেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন নকশার নোট ছাপানো ও সরবরাহের পুরো ধাপটি বেশ সময়সাপেক্ষ এবং প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় সময়মতো ছাপার কাজ শেষ করা সম্ভব হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নোট আসার পর ধাপে ধাপে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তা সাধারণ মানুষের হাতে পৌঁছাবে। তখন গ্রাহকেরা ব্যাংক থেকে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট সংগ্রহ করতে পারবেন।

নতুন নকশার নোট বাজারে এলেও ১০০ টাকার নোটে এখনই কোনো বদল আসছে না। আগের নকশার ১০০ টাকার নোটই সরবরাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক।

নতুন নকশার নোট বাজারে এলে প্রচলিত মুদ্রাব্যবস্থায় স্পষ্ট পরিবর্তন চোখে পড়বে। তবে নোট সরবরাহের ক্ষেত্রে নিরাপত্তা ও নির্বিঘ্ন বণ্টন ব্যবস্থাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।