শুক্রবার বড় পতনের পর শনিবার বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পুনরুদ্ধার দেখা গেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ১২ ডলার ৩১ সেন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৩২ ডলার ৮৮ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবার লেনদেনের একপর্যায়ে দাম প্রায় ৩ হাজার ৫০৪ ডলারে নেমে এসেছিল, যা ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়।

বড় ধাক্কার পর এই সামান্য উত্থান সত্ত্বেও চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯.৪ শতাংশ কমেছে। গত আট মাসের মধ্যে এটিই স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আভাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শেয়ারে দরপতনের প্রভাব স্বর্ণের বাজারে এই অস্থিরতা তৈরি করেছে।

বিজ্ঞাপন · inarticle_1

শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে নেমে আসে, আর লেনদেনের একপর্যায়ে তা ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্ট স্পর্শ করে। একই দিনে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্য ৪.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়।

হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার জানান, এআই-সংশ্লিষ্ট শেয়ারে চলমান পতনের কারণে বিনিয়োগকারীরা অন্য খাতের ক্ষতি পুষিয়ে নিতে স্বর্ণও বিক্রি করে দিচ্ছেন। শুক্রবার বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় দরপতন দেখা গেছে; এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আইপিও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারায় মার্কিন শেয়ার ফিউচার কমে যায় এবং এশিয়ার শেয়ারবাজার ২০২০ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের মুখে পড়ে।

মেগারের মতে, উচ্চ সুদের হার, শক্তিশালী ডলার এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির শঙ্কা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে। মূল্যস্ফীতির চাপ বজায় থাকলে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেডের নীতিনির্ধারকদের সাম্প্রতিক বক্তব্যেও এমন ইঙ্গিত স্পষ্ট হয়েছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকি তুলে ধরে আরও এক দফা সুদের হার বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের ৯৬ শতাংশ অংশগ্রহণকারী।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ মনে করেন, সামনের কয়েকটি লেনদেন পর্বে স্বর্ণের দাম আরও কিছুটা কমতে পারে, তবে সময়ের পরিক্রমায় স্বর্ণ ও রুপার বাজার শিগগিরই তলানি খুঁজে পাবে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ৪.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমে আসে, যা জানুয়ারির ১২১ ডলার ৬৪ সেন্টের রেকর্ড উচ্চতা থেকে ৬৬.৩ শতাংশ কম।

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে শুক্রবার প্লাটিনামের দাম ৩.৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৯৬ ডলার ৫০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২.১ শতাংশ কমে ৮৯০ ডলার ১৯ সেন্টে নেমেছে। সব মিলিয়ে মূল্যবান ধাতুর বাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতন চলছে।