ন্যূনতম ১০ লাখ ডলারের নতুন বিনিয়োগ আকর্ষণে প্রবাসী ও দেশীয় উদ্যোক্তাদের জন্য বিশেষ নীতিমালা জারি করেছে সরকার।

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিক, প্রবাসী কিংবা শতভাগ দেশীয় মালিকানাধীন নিবন্ধিত প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগ আনতে ভূমিকা রাখলে মোট বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে, যা এরই মধ্যে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

নতুন এই নীতিমালা অনুযায়ী, প্রণোদনা পেতে হলে বিনিয়োগের পরিমাণ হতে হবে ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, যা বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত থাকতে হবে। তবে এই সুবিধা কেবল সম্পূর্ণ নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পুরনো বিনিয়োগকারীদের অতিরিক্ত শেয়ার কেনা বা আগের ব্যবসার সম্প্রসারণে এই অর্থ মিলবে না; যদিও বিদ্যমান কোনো বিনিয়োগকারী সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন প্রতিষ্ঠানে অর্থ লগ্নি করলে তা বিবেচিত হবে। নীতিমালা কার্যকরের আগে আসা কোনো বিনিয়োগ এই সুবিধার আওতায় পড়বে না।

প্রণোদনা প্রাপ্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। বিনিয়োগ আসার আগেই আবেদনকারীকে নির্ধারিত পোর্টালে প্রাক-নিবন্ধন করে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ সংগ্রহ করতে হবে এবং বিনিয়োগ নগদায়নের ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে। আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারীর পূর্ববর্তী দুই বছরে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা চলবে না এবং মূল্যায়নে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর পেতে হবে। এ ছাড়া অর্থের বৈধতা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), আরজেএসসি ও বাংলাদেশ ব্যাংকের তথ্য সমন্বয় করা হবে; নগদ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা অর্থ গ্রহণযোগ্য হবে না।

অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন একটি জাতীয় পর্যালোচনা কমিটির চূড়ান্ত অনুমোদনের পর দুই ধাপে এই প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। বিনিয়োগ নিশ্চিত হওয়ার পর শুরুতে ৫০ শতাংশ এবং এক বছর পর কারখানা স্থাপন ও বাণিজ্যিক কার্যক্রমের অগ্রগতি সাপেক্ষে বাকি ৫০ শতাংশ অর্থ অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় দেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিরা চাইলে প্রণোদনার এই অর্থ বিদেশে পাঠানোর সুযোগও পাবেন। পুরো কার্যক্রম তদারকিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি উন্মুক্ত ডাটাবোর্ড প্রকাশ করবে এবং ওয়েবসাইটে আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।