রাজধানীর নিত্যপণ্যের বাজারে নাজিরশাইল ও মিনিকেট চালের বাড়তি দাম ক্রেতাদের ওপর বাড়তি খরচের চাপ তৈরি করেছে। প্রায় তিন সপ্তাহ আগে কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত যে দাম বেড়েছিল, তা এখনো কমেনি। তবে চালের বাজারে অস্বস্তি থাকলেও গত দুই সপ্তাহে ফার্মের মুরগি ও ডিমের দাম কিছুটা কমায় স্বস্তি পেয়েছেন সাধারণ ভোক্তারা। এ ছাড়া শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এমন চিত্র পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, পুরোনো নাজিরশাইল চালের মজুত ফুরিয়ে আসায় এবং চালকল পর্যায়ে দাম বাড়ানোর কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। বর্তমানে বাজারে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকা, সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের চাল ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের আশা, নতুন মৌসুমের চাল বাজারে এলে এই বাড়তি দাম কিছুটা কমে আসবে। তবে চালের এই ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের ও বড় পরিবারগুলোর মাসিক সংসার খরচ অনেকটাই বেড়ে গেছে।

বিজ্ঞাপন · inarticle_1

অন্যদিকে, শীতকালে চাহিদা কিছুটা কমে যাওয়া এবং খামারে উৎপাদন বৃদ্ধির ফলে মুরগি ও ডিমের বাজারে স্বস্তি ফিরেছে। গত ১৫ দিনের ব্যবধানে মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং হাইব্রিড সোনালি বা কালারবার্ড ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে ডজনে ১০ টাকা কমে ফার্মের বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। তবে গরুর মাংসের বাজারে কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি ও ডিমের দাম কমলেও মাছের বাজারে ক্রেতাদের জন্য কোনো সুখবর নেই। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যমতে, গত এক মাসে রুই মাছের দাম প্রায় ৭ শতাংশ এবং কাতলার দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে বাজারে দুই থেকে চার কেজি ওজনের রুই প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাবদা ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা এবং তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত কয়েক মাস ধরেই প্রায় একই পর্যায়ে স্থির রয়েছে।

সবজির বাজারে শীতকালীন পণ্যের সরবরাহ বাড়ায় দাম অনেকটাই ক্রেতাদের নাগালে রয়েছে। বাজারে প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ টাকা, শালগম ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ ও পেঁয়াজপাতা ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে দেশি টমেটো ১৪০ টাকা, আমদানি করা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা এবং নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে চড়া দামেই বিক্রি হচ্ছে।

মৌসুম শেষের দিকে হওয়ায় গ্রীষ্মকালীন সবজিগুলোর দাম এখনো বেশ চড়া। প্রতি কেজি ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা এবং চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত এক মাসের ব্যবধানে চিচিঙ্গার দাম প্রায় ৫৮ শতাংশ, ঢ্যাঁড়স ৫৫ শতাংশ, বরবটি ৫৪ শতাংশ এবং করলার দাম ৪৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।