বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে ভোজ্যতেলের ঊর্ধ্বমুখী দর, আমদানি খরচ বৃদ্ধি এবং দেশের সামগ্রিক সরবরাহ ব্যবস্থা সচল রাখার স্বার্থে এই সমন্বয় আনা হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভায় সভাপতিত্ব করেন।
নতুন নির্ধারিত হার অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকার পরিবর্তে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকার বদলে ১৮৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১ হাজার ১৫ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার টাকা। তবে খোলা পাম তেলের ক্ষেত্রে আগের দাম অর্থাৎ প্রতি লিটার ১৬৬ টাকাই বহাল রাখা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের বর্তমান মজুত, আন্তর্জাতিক ও দেশীয় বাজারদর, এলসি খোলা এবং আমদানির সার্বিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন পেশ করে। এই প্রতিবেদন এবং সার্বিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে দাম বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হয়।
অন্যদিকে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সভায় জানায় যে সর্বশেষ ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশে দাম না বাড়ানোয় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল।



