চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুজাত পণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) ইপিবি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
ইপিবির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে দেশ আয় করেছে ৩৪ কোটি ৬৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার (৩৪৬.৩৭ মিলিয়ন ডলার), যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ছিল ২৭ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার (২৭৭.৩৭ মিলিয়ন ডলার)।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে কাঁচা পাট রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে কাঁচা পাট রপ্তানি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ কোটি ৩২ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬২ দশমিক ৪২ শতাংশ।
পাট খাতের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশজুড়ে থাকা পাটের সুতা ও কুণ্ডলী (ইয়ার্ন ও টোয়াইন) রপ্তানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জুলাই-অক্টোবর সময়ে এই পণ্যগুলো থেকে আয় এসেছে ২১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ১৬ কোটি ৫৭ লাখ ডলারের তুলনায় ৩০ দশমিক ৬৮ শতাংশ বেশি। তবে আলোচ্য সময়ে পাটের বস্তা ও ব্যাগ রপ্তানি ৫ কোটি ৭৭ লাখ ২০ হাজার ডলার থেকে কিছুটা কমে ৫ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, অন্যান্য পাটজাত পণ্য থেকে আয় ২ কোটি ৭ লাখ ৪০ হাজার ডলার থেকে বেড়ে ২ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলারে উন্নীত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, গৃহসজ্জা পণ্য, টেকনিক্যাল টেক্সটাইল এবং ফ্যাশন পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। পাশাপাশি পাটকাঠি থেকে উৎপাদিত চারকোল (অ্যাক্টিভেটেড কার্বন) ও অন্যান্য বৈচিত্র্যময় পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।
এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ২০২৬-২০৩১ মেয়াদি পাঁচ বছর মেয়াদি ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রায় ৪ হাজার ৭৫০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবিত এই কৌশলপত্রে ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বার্ষিক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বার্ষিক কাঁচা পাট উৎপাদন ১ কোটি ১৫ লাখ বেল থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ বেলে উন্নীত করা এবং দেশের পাটবীজের চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ দেশীয় উৎপাদনের মাধ্যমে মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া মোট রপ্তানিতে মূল্য সংযোজিত পণ্যের অংশ বর্তমানের ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০৩১ সালের মধ্যে ৭০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের মতো সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোর বিকাশে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দিচ্ছে। রপ্তানি ঝুড়িতে বৈচিত্র্য আনা এবং নতুন বিনিয়োগ আকর্ষণে শিল্প খাতের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশ জুট ডাইভারসিফায়েড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেডিপিএমইএ) সভাপতি মো. রাশেদুল করিম মুন্না রপ্তানি বৃদ্ধিকে উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ এখনো উচ্চমূল্যের বৈচিত্র্যময় পাটপণ্য রপ্তানিতে কিছুটা পিছিয়ে আছে। পাটের বহুমুখী ব্যবহার ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানো গেলে এই খাত থেকে বার্ষিক রপ্তানি আয় ২ থেকে ৩ বিলিয়ন ডলারে পৌঁছানো সম্ভব। এজন্য তিনি গবেষণা, পণ্য উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উদ্যোক্তাদের কারিগরি সহায়তা দিতে একটি বিশেষায়িত সেবা কেন্দ্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।



