বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮.২৭ শতাংশে নেমেছে। এর আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল ৮.৩৪ শতাংশ। তবে গত বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিল ৮.১৭ শতাংশ, যা তুলনামূলকভাবে কিছুটা কম।
অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে ৬.৪০ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭.২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য খাতে স্বস্তি ফিরেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যবহির্ভূত খাতে; এ খাতে মূল্যস্ফীতি ৯.৩০ শতাংশ থেকে বেড়ে ৯.৮৯ শতাংশে পৌঁছেছে। বার্ষিক তুলনায় এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
গ্রাম ও শহর—উভয় অঞ্চলেই খাদ্যপণ্যের দাম কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের খরচ বেড়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ (সেপ্টেম্বরে ছিল ৮.৩৮ শতাংশ) এবং শহরাঞ্চলে ৮.২৫ শতাংশে (সেপ্টেম্বরে ছিল ৮.২৬ শতাংশ) দাঁড়িয়েছে। দুই অঞ্চলেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে চাপ অব্যাহত রয়েছে।
সর্বশেষ ১২ মাসের (নভেম্বর থেকে অক্টোবর) গড় মূল্যস্ফীতি কমে ৮.৬৬ শতাংশ হয়েছে, যা আগের ১২ মাসে ছিল ৯.২২ শতাংশ। তবে উদ্বেগের বিষয় হলো, মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বৃদ্ধির হার কম। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭.৯০ শতাংশ এবং গত বছর একই সময়ে ছিল ৮.০১ শতাংশ।



