তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো হোল্ডিং তাদের ডেনিম বিভাগ 'ইসকো'-এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিট সমৃদ্ধ এই বৃহৎ প্রকল্পে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে তুরস্কের প্রতিষ্ঠানটি। বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সানকো হোল্ডিং একটি ঐতিহ্যবাহী পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী, যাদের টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল পর্যন্ত বিস্তৃত। বর্তমানে প্রতিষ্ঠানটি বস্ত্র ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছে। এর ডেনিম বিভাগ 'ইসকো' বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, যাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটি তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও পরিচালনা করে।

বিজ্ঞাপন · inarticle_1

বিনিয়োগ বৈঠক ও কর্মসংস্থান: সানকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ার ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। তাঁরা ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অত্যাধুনিক এই কারখানাটি স্থাপিত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে সানকোর প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। স্থানীয় যৌথ উদ্যোগ অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী ও গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও বৈঠকে অংশ নেন।

উৎপাদন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক প্রভাব: ইনভেস্ট বাংলাদেশ জানায়, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকেই সানকো হোল্ডিং সংস্থাটির ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অংশ হিসেবে রয়েছে। নিরবচ্ছিন্ন যোগাযোগ, নিয়মিত ফলো-আপ এবং সক্রিয় বিনিয়োগকারী-সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বর্তমান চূড়ান্ত বিনিয়োগ-প্রতিশ্রুতির পর্যায়ে প্রস্তাবটি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইনভেস্ট বাংলাদেশ।

প্রস্তাবিত শতভাগ রপ্তানিমুখী এই কারখানাটির মাসিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১ কোটি (১০ মিলিয়ন) মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল বিদেশি বিনিয়োগ বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।