বাংলাদেশের কর ব্যবস্থায় এক চরম বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) সাম্প্রতিক এক গবেষণায়। সংস্থার তথ্যমতে, দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারকে তাদের আয়ের প্রায় ২০ শতাংশই ব্যয় করতে হয় মূল্যসংযোজন কর বা ভ্যাট পরিশোধে। অথচ শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের ক্ষেত্রে আয়ের বিপরীতে ভ্যাট প্রদানের হার মাত্র ২ দশমিক ৮ শতাংশ। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল প্রকাশ করেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন সংস্থাটির গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
গবেষণার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, পরোক্ষ করের এই বোঝা শহরের চেয়ে গ্রামাঞ্চলের মানুষের ওপরই বেশি পড়ছে। গ্রামের অতিদরিদ্র পরিবারগুলোকে তাদের আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাট হিসেবে গুনতে হয়, যেখানে শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের হাতে থাকলেও প্রত্যক্ষ কর বা আয়কর আদায়ের চিত্র বেশ হতাশাজনক। বিদ্যমান করহার অনুযায়ী মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই ধনী শ্রেণির কাছ থেকে আসার কথা এবং নিচের সারির ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার থাকার কথা নয়। কিন্তু বাস্তবে দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। এমনকি ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন দাখিলের হার ব্যক্তিপর্যায়ে মাত্র ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ২৩ দশমিক ৬ শতাংশ।
কর কাঠামোর এই অসামঞ্জস্য দূর করার আহ্বান জানিয়ে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি কর ব্যবস্থায় ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। দেশে দ্রুতগতিতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে উল্লেখ করে তিনি জানান, বেশি আয়ের মানুষের ওপর অধিক কর আরোপ করা হলে করব্যবস্থা বৈষম্যহীন হবে এবং রাজস্ব প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো সক্রিয়ভাবে খতিয়ে দেখছে। তবে চলতি অর্থবছরে নতুন করে সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে বলে তিনি স্পষ্ট করেন। এর পেছনের যুক্তি তুলে ধরে অর্থসচিব ব্যাখ্যা করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের ওপর কর পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ অর্থ অনেক মালিকের হাতে না-ও থাকতে পারে। তাই নতুন সম্পদ কর আরোপের পরিবর্তে বিদ্যমান সারচার্জ কাঠামো পুনর্বিন্যাসের দিকেই সরকার বেশি মনোযোগ দিচ্ছে।



