বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ১৬ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ এবং সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, সভায় থাকাকালীন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের আদেশের খবরটি তাঁদের সামনে আসে। এরপরই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে পরীক্ষার তারিখ ১৬ জানুয়ারি থেকে সরিয়ে ১ ফেব্রুয়ারি চূড়ান্ত করা হয়। যেহেতু ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং বুয়েটের আবেদন কার্যক্রম ৭ জানুয়ারি পর্যন্ত চলবে, তাই যোগ্য সব শিক্ষার্থীই নির্বিঘ্নে আবেদন করার পর্যাপ্ত সময় পাবেন। এ কারণে হাইকোর্টের এই রিট আদেশের বিরুদ্ধে বুয়েট কোনো আইনি পদক্ষেপে যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।

বিজ্ঞাপন · inarticle_1

এর আগে আজ বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এর পরিপ্রেক্ষিতে মাত্র সাত দিনে রেকর্ড ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন, যার ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ জানুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ১০ জানুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের সাম্প্রতিক এই স্থগিতাদেশের ফলে ডিসেম্বর মাসের নির্ধারিত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচিতেই পরিবর্তন আসতে যাচ্ছে।