পাঁচ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে; লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১০০ নম্বরে হবে চূড়ান্ত মূল্যায়ন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ‘মাস্টার্স অব প্রফেশনাল’ (এমডিএস) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে চাকরিজীবী ও পেশাজীবীদের জন্য এটি উচ্চশিক্ষা গ্রহণের একটি দারুণ সুযোগ।

বিজ্ঞাপন · inarticle_1

আবেদনের যোগ্যতা হিসেবে ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে বিএ বা বিএস (পাস) বা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়ন-সংশ্লিষ্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যরাও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রেই শিক্ষাজীবনে ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকা বাধ্যতামূলক।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে লিখিত পরীক্ষায় ৮৫ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১৫ নম্বর বরাদ্দ রয়েছে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা এবং সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াদির ওপর জ্ঞান যাচাই করা হবে। আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভাইভার সময় সব মূল একাডেমিক সনদ, নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

১৬টি কোর্স ও থিসিস পেপারসহ এই প্রোগ্রামটি মোট ৫২ ক্রেডিট আওয়ারে সাজানো হয়েছে। পুরো প্রোগ্রামের সর্বমোট খরচ ১ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি ও প্রথম সেমিস্টার ফি বাবদ ৩৯ হাজার ৬০০ টাকা ভর্তির সময় পরিশোধ করতে হবে। বিস্তারিত তথ্য ও ভর্তির আবেদন ফরম বিইউপির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।