ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ লাভ করেছেন। ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিজ্ঞাপন · inarticle_1

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। সহকারী অধ্যাপক মারজিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। এছাড়া প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও অবদানের ওপর আলোকপাত করেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাকে একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক এবং গবেষক হিসেবে অভিহিত করে উপাচার্য বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনে আরও উৎসাহিত করবে এবং তাদের মধ্যে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাবে। তিনি শিক্ষার্থীদের অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ অনুসরণ করে একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

এ বছর অধ্যাপক সিতারা পারভীন পুরস্কারপ্রাপ্ত ১১ শিক্ষার্থী হলেন— তাশাহুদ আহমেদ রাফিম, অর্জিতা সূত্রধর, মো. আখতারুল ইসলাম, মো. তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া পারভীন অর্পা, সাদিয়া রহমান, সানজানা জেবিন ছোঁয়া, মো. ফাহিম হাসান মাহদী, অনুষ্কা ব্যানার্জী এবং আলী হাসান ওয়াহিদ।

উল্লেখ্য, অধ্যাপক সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং একই বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর সহধর্মিণী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতি ও শিক্ষাঙ্গনে অসামান্য অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।