এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) এক ফেসবুক পোস্টে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান, আগামীকাল ৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে দেশের সর্বস্তরের শিক্ষকদের তিনি এ আয়োজনে উপস্থিত থাকার এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, পূর্বঘোষিত ঢাকাকেন্দ্রীক বড় ধরনের অবস্থান ও উন্মুক্ত কর্মসূচি থেকে সরে এসে শিক্ষকরা এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান, আপাতত কর্মসূচি স্থগিত করা হলেও দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। কালকের সংবাদ সম্মেলন থেকেই জোটের পরবর্তী দিকনির্দেশনা ও কর্মসূচি ঘোষণা করা হবে।



