চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই যুক্ত হওয়ার পাশাপাশি আগামী বছর থেকে স্কুল ড্রেস ও দুপুরের খাবার চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে। শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই চালুর উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও আগ্রহ বাড়াতে আগামী বছর থেকে স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন · inarticle_1

শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। নতুন যুক্ত হওয়া পাঠ্যবইয়ের বিষয়ে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে নতুন বই চালু করা হচ্ছে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বই পড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে সরকার বিভিন্ন অবকাঠামোগত ও কল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছে জানিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী কচুয়ায় একাধিক নতুন স্থাপনা ও সেবার উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে কচুয়া পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং ও কিডস কর্নার’, কচুয়া উপজেলায় ‘পরিদর্শন কক্ষ’ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ‘অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম’। এসব উদ্যোগ স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী এবং মা ও শিশুদের জন্য নতুন সুবিধা যুক্ত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।