কনসার্ট চলাকালে ৫২ ও ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির জেরে প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে; কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশসহ আগামী ১৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গঠিত এই তদন্ত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানাকে কমিটির সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রশাসনের অফিস আদেশ অনুযায়ী, গত ২০ নভেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের আয়োজনে মুক্তমঞ্চে একটি কনসার্ট চলছিল। সে সময় ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ কয়েকজন নারী শিক্ষার্থীসহ উভয় পক্ষের একাধিক শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উভয় পক্ষের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ জমা দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনাকে ‘ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৫(ঘ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। আদেশে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা গুরুতর শৃঙ্খলাপরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলার কথা বিবেচনা করেই নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই কমিটি গঠন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



