গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সাম্প্রতিক টানা উত্তেজনা, ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের মিছিল এবং নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর আগেই ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।
ওই একই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলা ও ক্যাম্পাসের বর্তমান বাস্তবতা এবং শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ২২ নভেম্বর থেকে নতুন করে অনির্দিষ্টকালের বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। উপাচার্যের নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এদিকে, কয়েক দিন ধরে গোপালগঞ্জে চলমান অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দেন। প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করে এমন কর্মসূচি পালিত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনের পাশ ঘুরে গোল চত্বরে গিয়ে মিছিল সমাপ্ত করেন। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
মিছিল পরবর্তী বক্তব্যে তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে আলটিমেটাম দেন এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে আগের নাম বহাল ও বিভিন্ন দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবি জানান; অন্যথায় নিজেদের উদ্যোগে এসব করার হুঁশিয়ারি দেন।
এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রসহ মিছিলের খবর পাওয়া যায়। সে সময় ক্যাম্পাস এলাকায় আনসার সদস্যদের দেখা গেলেও অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়েনি বলে জানা গেছে।



