শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পষ্ট করেছেন যে, পুরো শিক্ষাব্যবস্থাকে একসঙ্গে ও রাতারাতি জাতীয়করণ করা কোনো সরকারের পক্ষেই বাস্তবসম্মত নয়। এ ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত জাতীয় বাজেট নেই বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ঢালাওভাবে জাতীয়করণ করলে শিক্ষার মান ও গুণগত উৎকর্ষ ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি। শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই সাধারণ মুদি দোকানের পণ্যের মতো করে দেখা বা পরিচালনা করা যাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন · inarticle_1

জাতীয়করণ ইস্যুতে সাংবাদিকদের বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর চেয়ে সাংবাদিকরাই বেশি অবগত এবং কী করা সম্ভব আর কী সম্ভব নয়, তা সবার জানা। তবে কিছু অনলাইন সংবাদমাধ্যম অপ্রয়োজনীয়ভাবে বিষয়টিকে উসকে দিচ্ছে এবং ইস্যু তৈরি করছে। পাশাপাশি হঠাৎ নেতা বনে যাওয়ার আশায় একটি মহল এসব ঘটনায় ইন্ধন জোগাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষকদের বদলি প্রক্রিয়া প্রসঙ্গে নিজের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে ড. মিলন জানান, তিনি বদলি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, দেশের এক প্রান্তের শিক্ষক আরেক প্রান্তে কর্মরত থাকায় অনেককে নানা ভোগান্তিতে পড়তে হয়। নিজ এলাকা থেকে দূরে অবস্থান করলে, আবাসন সংকট থাকলে এবং মানসিক চাপে থাকলে কোনো শিক্ষকই শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠদান করতে পারেন না।

তিনি আরও যোগ করেন, পছন্দ অনুযায়ী বদলি বা চাকরির পর বিষয়টিকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই। মানসিকভাবে অসুস্থ বা অশান্তিতে থাকা শিক্ষকেরা ক্লাসে ভালো পড়াতে না পারলে দিনশেষে শিক্ষাব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়। প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং কারও অনশন বা নির্দিষ্ট সময়সীমার দাবিকে প্রাধান্য না দিয়ে দেশের সামগ্রিক স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এই খাতের বাস্তবতা ও তাঁর সীমাবদ্ধতা সংশ্লিষ্ট সবাই জানেন। কিছু গণমাধ্যম সবকিছু একসঙ্গে ও ঢালাওভাবে করে ফেলার কথা বললেও তাতে শিক্ষার মান নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। মান বজায় রাখতেই নিয়ম ও কাঠামোর ভেতরে কাজ করতে হবে।

অতীত অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব পালনকালে তিনি দেখেছিলেন, যত্রতত্র স্কুল, কলেজ ও মাদ্রাসা স্থাপনের প্রবণতা বেড়ে গিয়েছিল। এমনকি রাজশাহী বিভাগের একটি কলেজে মাত্র একজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি ১৪ লাখ টাকার এমপিও সুবিধা পেত। সেই পরিস্থিতি থেকেই শিক্ষকদের বাধ্যতামূলক সনদ বা সার্টিফিকেটের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি, যাতে নতুন প্রতিষ্ঠান খুলতে হলে যোগ্য ও সনদপ্রাপ্ত শিক্ষক থাকা নিশ্চিত করা যায়। সবার সঙ্গে আলোচনা করে ২০০৫ সালে সেই উদ্যোগের সূচনা করা হয়েছিল বলে জানান তিনি।