ঢাকা ও রাজশাহী কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, ১২ শতাধিক আসনের বিপরীতে মেধার ভিত্তিতে শিক্ষার্থী বাছাই

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাকের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞাপন · inarticle_1

এবারের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। রুয়েটে ১২ শতাধিক আসনের বিপরীতে আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক যাচাই শেষে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, কেবল আবেদন করলেই পরীক্ষায় বসার সুযোগ মিলবে না; বরং নির্ধারিত যোগ্যতা পূরণকারী আবেদনকারীদের ফলাফল ও মেধার ভিত্তিতে এই ১৮ হাজার পরীক্ষার্থী নির্বাচন করা হবে।

পরীক্ষায় আবেদনের জন্য শিক্ষার্থীদের ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রাখা হয়েছে, যেখানে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ের সম্মিলিত জিপিএ কমপক্ষে ১৩ এবং প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে। অন্যদিকে জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে; পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সনদপ্রাপ্ত হতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে আইনি ও একাডেমিক নানা দিক মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অধ্যাপক কামরুজ্জামানের ভাষ্যমতে, আদালতের একটি নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় রেখেই জানুয়ারি মাসে পরীক্ষার কার্যক্রম সাজানো হয়েছে। পাশাপাশি একই সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পড়ে গেলে শিক্ষার্থীরা যেন ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বাকি বিষয়গুলো ধাপে ধাপে স্টিয়ারিং কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে।