দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সাম্প্রতিক সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিটি প্রতিষ্ঠানে এই কমিটি গঠন করতে হবে।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দেশের সব অঞ্চলের পরিচালক এবং কলেজ অধ্যক্ষদের এই বিষয়ে নির্দেশনা পাঠানো হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই কমিটি গঠনের পর আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। মাউশির আঞ্চলিক পরিচালকদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কমিটি নিশ্চিত করে ই-মেইলে (ad-admin@dshe.gov.bd) প্রতিবেদন পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেওয়াসহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।



