প্রাথমিক ও নিম্নমাধ্যমিকে বৈশ্বিক গড় ছাড়িয়ে গেলেও উচ্চমাধ্যমিকে ঝরে পড়া রোধ ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইউনেস্কো।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সদ্য প্রকাশিত ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ গত তিন দশকে বাংলাদেশের শিক্ষা খাতের ব্যাপক রূপান্তর ও সাফল্যের চিত্র উঠে এসেছে। ‘অ্যাকসেস অ্যান্ড ইক্যুইটি: কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক এই বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশকে একটি বিশেষ দেশভিত্তিক কেস স্টাডি হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অর্জনে বিশ্ব সামগ্রিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা এবং শিক্ষার্থী ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ সালে দেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল মাত্র ৩৪ শতাংশ, যা ২০২৪ সালে ৯০ শতাংশে উন্নীত হয়ে ৮৮ শতাংশের বৈশ্বিক গড়কেও ছাড়িয়ে গেছে। একই সময়ে নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশে পৌঁছেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাথমিক স্তরে সমাপ্তির হার বৃদ্ধির বার্ষিক গতি কিছুটা মন্থর হয়ে ১.৩ শতাংশে নামলেও নিম্নমাধ্যমিক পর্যায়ে এই গতি ধারাবাহিকভাবে বেড়ে ১.৭ শতাংশে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

উচ্চমাধ্যমিক পর্যায়েও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অগ্রগতির গতি দক্ষিণ এশিয়ার গড় হারকে অতিক্রম করেছে, যদিও সামগ্রিক সমাপ্তির হারে এখনো বড় ব্যবধান রয়ে গেছে। ইউনেস্কোর তথ্যমতে, ২০২৪ সালে বাংলাদেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ছিল প্রায় ৩৮ শতাংশ, যেখানে দক্ষিণ এশিয়ার গড় হার ৫৭ শতাংশ। তবে ইতিবাচক দিক হলো, বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর-কিশোরীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে; ২০০৫ সালে উচ্চমাধ্যমিক বয়সী তরুণদের ৭২ শতাংশ শিক্ষার বাইরে থাকলেও ২০২৩ সালে তা দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড়ের নিচে নেমে আসে। এ ছাড়া বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ২০০৯ সালের ৪২ শতাংশ থেকে অর্ধেকে নেমে ২০২৩ সালে ২১ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে পাবলিক পরীক্ষায় পাসের হার এসএসসিতে ৪৮ শতাংশ থেকে বেড়ে ৯৩ শতাংশ এবং এইচএসসিতে ৯৫ শতাংশে পৌঁছালেও পরীক্ষার পদ্ধতি সহজ করার কারণে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-মান বা গুণগত শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

শিক্ষার বিভিন্ন স্তরে লিঙ্গসমতা অর্জনে বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। ২০২৪ সালের উপাত্ত অনুযায়ী, নিম্নমাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের বাইরে থাকা ছেলেদের হার ১৫ শতাংশ হলেও মেয়েদের ক্ষেত্রে তা মাত্র ৪ শতাংশ। একইভাবে উচ্চমাধ্যমিক স্তরেও মেয়েদের ঝরে পড়ার হার ছেলেদের তুলনায় ৮ থেকে ১০ শতাংশ কম। এই সাফল্যের নেপথ্যে ১৯৯৪ সালে চালু হওয়া ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফএসএসএপি), উপবৃত্তি কর্মসূচি এবং বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের মতো যুগান্তকারী সরকারি পদক্ষেপের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৫ ও ২০১৩ সালে পরিচালিত ‘রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন’ (রস্ক) প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র উপজেলাগুলোর প্রায় পাঁচ লাখ ঝরে পড়া শিশুকে কমিউনিটিভিত্তিক কেন্দ্রের মাধ্যমে পুনরায় মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষারও ব্যাপক প্রসার ঘটেছে; ২০০২ সালে দেশে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০০টি থাকলেও ২০২২ সালে তা প্রায় পাঁচ গুণ বেড়ে ৮ হাজারে উন্নীত হয়েছে।

শিক্ষার এই বহুমুখী প্রসার দেশের সামগ্রিক আর্থসামাজিক কাঠামোতেও গভীর ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ইউনেস্কোর বিশ্লেষণে উঠে এসেছে। শিক্ষার হার বাড়ার ফলে ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে বাল্যবিয়ের হার কমে ৩৯ শতাংশে নেমে এসেছে এবং নারীপ্রতি সন্তান জন্মদানের গড় হার ১৯৭৫ সালের ৬.৭ থেকে কমে ২০১৫ সালে ২.২-এ দাঁড়িয়েছে। এ ছাড়া ১৯৯০ সাল থেকে প্রতিবছর গড়ে ০.৬ শতাংশীয় পয়েন্ট হারে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৪৪ শতাংশে পৌঁছেছে, যা প্রতিবেশী ভারত (প্রায় ৩০ শতাংশ) ও পাকিস্তানের তুলনায় অনেক বেশি। প্রতিবেদনে পর্যবেক্ষণ করা হয়েছে যে, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বিকাশ পরিবারগুলোকে মেয়েদের বাল্যবিয়ে রোধ করতে এবং চাকরির যোগ্যতা অর্জনে পড়াশোনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তবে ১৭ ও ১৮ বছর বয়সী কিশোরীদের জন্য কারখানায় সহজে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় উচ্চমাধ্যমিক পর্যায়ে তাদের বিদ্যালয়ে ভর্তির হারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।