নতুন করে আরও ১২ উপজেলা যুক্ত হওয়ায় মোট সুবিধাভোগী দাঁড়াচ্ছে প্রায় এক কোটি

দেশের অনগ্রসর ২২টি উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীকে শতভাগ উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগে এ সুবিধা দেশের ১০টি উপজেলায় সীমাবদ্ধ থাকলেও সম্প্রসারিত পরিকল্পনায় নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপবৃত্তির মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে, যা প্রায় এক কোটির কাছাকাছি। এর মধ্যে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে উপবৃত্তি সুবিধা পাবে এবং ছাত্ররা প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে এ সহায়তা পাবে।

বিজ্ঞাপন · inarticle_1

নতুন যুক্ত হওয়া ও আগের উপজেলা মিলিয়ে মোট ২২টি অনগ্রসর উপজেলার তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেগুলো হলো—নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা। তবে এই উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের কয়েকটি নির্ধারিত শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবিবাহিত থাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ বা হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামের পরিধি বাড়িয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে এর পরিসর সম্প্রসারিত করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টের অনুমোদন দেয় অর্থ বিভাগ এবং ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পুরো কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চালু করা উপবৃত্তি কর্মসূচি ছিল একটি যুগান্তকারী মাইলফলক। প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র ছাত্রীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছিল এবং শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণের সেই ধারাবাহিকতা আজও টিকে আছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই সফল ধারাবাহিকতা অনুসরণ করে সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।