দীর্ঘ আট মাসের আন্দোলন, অপেক্ষা ও অনশনের পর চাকরিতে যোগ দিলেও স্বস্তি মেলেনি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের। গত ১ অক্টোবর যোগদানের পর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও অধিকাংশের বেতন চালু হয়নি। নিয়মিত বিদ্যালয়ে দায়িত্ব পালন করলেও যাতায়াত, বাসাভাড়া ও খাবারের খরচ মেটাতে অনেককে পরিবারের ওপর নির্ভর করতে হচ্ছে, কারও দিন কাটছে ধারদেনায়।
নবনিযুক্ত শিক্ষকদের অভিযোগ, সরকারি হিসাব ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস প্লাস প্লাসে পে-ফিক্সেশনসংক্রান্ত জটিলতার কারণে বেতন বিল প্রস্তুত করা যাচ্ছে না। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের (ডিডিও) আইডি থেকে পে-ফিক্সেশন অনুমোদনের জন্য পাঠানো হলেও উপজেলা হিসাবরক্ষণ অফিস ও অডিটরের আইডিতে তা দেখা যাচ্ছে না।
যেসব উপজেলায় শিক্ষকরা বেতন পেয়েছেন, সেখানে পে-ফিক্সেশনের সময় নির্দিষ্ট বিদ্যালয়ের নামের পরিবর্তে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বা উপজেলা শিক্ষা অফিসের নাম ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, অধিকাংশ উপজেলায় নির্দিষ্ট বিদ্যালয়ের নাম ব্যবহার করায় সফটওয়্যার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
শিক্ষকরা আরও জানান, পে-ফিক্সেশন সংশোধনের চেষ্টা করেও সমাধান মিলছে না; ডিডিও আইডি থেকে ফেরত আনার পরও সংশোধনের অপশনে তা পাওয়া যাচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে ত্রুটির বার্তা দেখাচ্ছে। তবে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলার শিক্ষকরা ইতিমধ্যে বেতন পেয়েছেন।
নতুন শিক্ষকদের ভোগান্তি শুরু হয়েছিল নিয়োগপ্রক্রিয়া থেকেই। ২০২৫ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে ৮ ফেব্রুয়ারি ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিকভাবে নির্বাচিত হন, তবে চূড়ান্ত নিয়োগ ও যোগদানের জন্য তাদের আট মাস অপেক্ষা করতে হয় এবং নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করতে হয়।
নিয়োগপত্র বিতরণ শুরু হলেও গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই ও বিরূপ মন্তব্যসহ বিভিন্ন জটিলতায় অনেকের নিয়োগপত্র আটকে যায়। এ নিয়ে শাহবাগসহ বিভিন্ন স্থানে আন্দোলন হয় এবং নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন শুরু করেন, যা পরে কর্তৃপক্ষের আশ্বাসে স্থগিত হয়।
সব বাধা পেরিয়ে গত ১ অক্টোবর ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। কিন্তু কর্মজীবন শুরুর পরও বেতন আটকে যাওয়ায় নতুন করে আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন তারা।
বেতন-ভাতা চালু করতে তিন দফা দাবি জানিয়েছেন ২০২৫ ব্যাচের নবযোগদানকৃত সহকারী শিক্ষকরা। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে তারা আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে পে-ফিক্সেশনসংক্রান্ত তথ্য প্রদর্শনের ব্যবস্থা করা, কারিগরি ও প্রশাসনিক জটিলতা জরুরি ভিত্তিতে নিরসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত বেতন বিল প্রস্তুত ও অনুমোদনের দাবি জানান।
এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় এবং আইবাস প্লাস প্লাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নতুন শিক্ষকদের দাবি, ডিসেম্বর মাসের শুরুতেই যেন ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষকের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করা হয়।



