বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও অভিনেত্রী কোমল রানির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই বি-টাউনে জোর গুঞ্জন চলছে। স্বামী গোবিন্দর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। যদিও গোবিন্দ ও কোমল—উভয়েই দাবি করে আসছেন যে, তারা একসঙ্গে একটি সিনেমায় কাজ করছেন বলেই তাদের প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। এই বিতর্কের মধ্যেই নিজের ইনস্টাগ্রামে গোবিন্দর সঙ্গে একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন কোমল রানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ছবিগুলোতে গোবিন্দকে দেখা গেছে ফরমাল স্যুট-প্যান্টে, আর কোমলের পরনে ছিল হালকা বেগুনি রঙের শাড়ি। একটি ছবিতে কোমলের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন গোবিন্দ, অন্যটিতে কোমলের কোমরে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। এছাড়া বাকি ছবিগুলোতে গোবিন্দর বাহুডোরে এবং একে অপরের হাত ধরে রোমান্টিক ভঙ্গিতে দেখা গেছে এই জুটিকে।

বিজ্ঞাপন · inarticle_1

ছবিগুলোর ক্যাপশনে কোমল রানি অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে, এগুলো তাদের আসন্ন সিনেমা ‘রূপা’-র শুটিংয়ের দৃশ্য। তবে ক্যাপশনে সিনেমার কথা উল্লেখ থাকলেও নেটিজেনদের কৌতূহল ও জল্পনা থামেনি; বরং পোস্টের কমেন্ট বক্স ভরে উঠেছে নানা মিশ্র প্রতিক্রিয়ায়।

অনেকে এই জুটির প্রশংসা করলেও কেউ কেউ ছবিগুলোকে ‘প্রি-ওয়েডিং ফটোশ্যুটের’ সঙ্গে তুলনা করেছেন। এক নেটিজেন মজা করে লিখেছেন, “সুনীতা ম্যাম বোধহয় এবার চলে আসবেন।” আরেকজনের মন্তব্য, “সিনেমার প্রচারের আড়ালে আসল বার্তাই দিয়ে দিলেন!” গোবিন্দকে উদ্দেশ্য করে এক অনুসারী লিখেছেন, “ভাই, আপনার সাহসকে কুর্নিশ; জনতার কটাক্ষেও ভয় পান না!” পাশাপাশি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ‘রূপা’ সিনেমাটি আদৌ কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

উল্লেখ্য, গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলার খবর শোনা যাচ্ছে। সুনীতা আহুজা বিভিন্ন সাক্ষাৎকার ও প্ল্যাটফর্মে প্রকাশ্যেই গোবিন্দর আচরণের সমালোচনা করেছেন এবং তার নিশানায় ছিলেন অভিনেত্রী কোমল রানিও।