নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী এবং ‘রোকসানা’ গানের স্রষ্টা শেখ শাহেদ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত এই সংগীতশিল্পীর ঘনিষ্ঠ বন্ধু এরশাদুল হক টিংকু গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকে বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পরিচিত মুখ শেখ শাহেদ আলী দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন এবং রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ২৪ অক্টোবর রক্তে সোডিয়ামের মাত্রা কমে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃদু স্ট্রোকে আক্রান্ত হন এবং তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতাল হয়ে আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া কিডনি জটিলতার কারণে গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস চলছিল তার।
জানা গেছে, দীর্ঘ ১১ বছর ধরে নিরলস পরিশ্রম করে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের পরিকল্পনা ছিল এই গুণী শিল্পীর। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আকারে গানগুলো প্রকাশের কথা থাকলেও তার গুরুতর অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়।
‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ শাহেদ আলী ১৯৯১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘প্রভু’ প্রকাশের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। পরবর্তীতে ‘রোকসানা’, ‘উপলব্ধি’, ‘খোলা চুল’ এবং ‘প্রেম আসবেই’-এর মতো কালজয়ী গান উপহার দিয়ে তিনি অগণিত শ্রোতার হৃদয় জয় করেছিলেন। তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



