নান্দাইল দিঘির পাড়ে ব্যতিক্রমী প্রতিভা, স্থানীয় সংস্কৃতি ও সামাজিক ব্যঙ্গের মিশেলে আজ রাতে বিটিভিতে প্রচারিত হচ্ছে বিশেষ আয়োজন

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘি কলেজের মাঠে উৎসবমুখর পরিবেশে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং জায়গা না পেয়ে শত শত মানুষ আশপাশের ভবনের ছাদ, সীমানাদেয়াল ও গাছের ডালে বসে অনুষ্ঠান উপভোগ করেন। শুধু জয়পুরহাট নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও হাজারো দর্শক এই আয়োজনে শামিল হন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পর্বটি প্রচারিত হবে।

বিজ্ঞাপন · inarticle_1

সপ্তদশ শতাব্দীতে খনন করা নান্দাইল দিঘির পাশের সবুজ প্রকৃতি ও আলোকসজ্জায় সাজানো মঞ্চ এবারের পর্বকে দিয়েছে ভিন্ন মাত্রা। দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরার ধারাবাহিকতায় হানিফ সংকেত এবার সীমান্তবর্তী এই জেলায় ছুটে গেছেন। গানের আয়োজনে বিশেষ গুরুত্ব পেয়েছেন জয়পুরহাটের কৃতী শিল্পী খুরশীদ আলম ও ফাতেমা তুজ জোহরা; তাঁদের সঙ্গে নজরুলসংগীতে কণ্ঠ দিয়েছেন ইয়াসমীন মুশতারী। পাশাপাশি স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে রয়েছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত এবং প্রশ্নোত্তরের মাধ্যমে বাছাই করা দর্শকদের নিয়ে স্থানীয় ভাষায় লতিরাজ কচু ও সোনালি মুরগি বিষয়ক নাট্যাংশ।

বিনোদনের পাশাপাশি প্রচারের আড়ালে থাকা মানুষের গল্পও এবারের ‘ইত্যাদি’তে বিশেষভাবে উঠে এসেছে। জয়পুরহাটের দোগাছী ইউনিয়নের প্রসেনজিৎ বর্মন রং বা ক্যানভাস ছাড়া কেবল মাটি ও ছাই দিয়ে প্রতিকৃতি আঁকেন, যা দর্শকদের মুগ্ধ করবে। এ ছাড়া জেলার বাক্প্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম, যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত আলীর মানবিক উদ্যোগ এবং জয়পুরহাটের লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে নতুন সব তথ্য তুলে ধরা হয়েছে।

সমসাময়িক সামাজিক অসংগতি নিয়ে একাধিক ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে এবারের পর্বে। দেয়ালবন্দী নাগরিক জীবন, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, চটকদার শিরোনামের খবর, ডিজিটাল ট্রলের ট্রমা ও তোষামোদের মতো বিষয়গুলো হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, সুভাশিষ ভৌমিকসহ অনেক পরিচিত মুখ। ৩৭ বছর পেরিয়েও দর্শকদের এই অটুট ভালোবাসার পেছনে মানসম্মত নির্মাণ ও আন্তরিকতাকেই মূল শক্তি বলে মনে করেন অনুষ্ঠানটির রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত।