নিজের দেশের মাটিতে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জিতল পুয়ের্তো রিকো
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে সেরার মুকুট উঠেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বিশ্বজুড়ে ১১৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এই দীর্ঘ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের নানা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত শীর্ষ পাঁচে স্থান করে নেন পুয়ের্তো রিকো, ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিরা।
চূড়ান্ত পর্বে সবগুলো রাউন্ড সফলভাবে উতরে গিয়ে বিজয়ীর আসনে বসেন ২৭ বছর বয়সী জেনিফার বারেত্তো। তাকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ। ভেনেজুয়েলার খ্যাতনামা জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশায় তৈরি ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুটটি লাভ করেছেন তিনি, যেখানে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। এই জয়ের মাধ্যমে নিজেদের দেশের মাটিতেই ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের খেতাব অর্জন করল পুয়ের্তো রিকো, যা স্বাগতিক দর্শকদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস তৈরি করে।
গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানার-আপের সম্মান অর্জন করেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপ হন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানার-আপ হিসেবে নির্বাচিত হন। পুরো জমকালো আয়োজনটি যৌথভাবে সঞ্চালনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ, আর ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন জুরি হল ও মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।
এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালের শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগ পর্যন্ত দর্শক ভোটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেরা ৩০-এর তালিকায় পৌঁছাতে পারেননি তিনি। তবুও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও দর্শক ভোটে তার শক্ত অবস্থান দেশের বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।



