দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়। নতুন ভর্তি রোগীদের নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জনে।

বিজ্ঞাপন · inarticle_1

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৬১৭ জন রোগী। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা এইডিস মশার প্রজননস্থলগুলো অবিলম্বে ধ্বংস করা, তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দেওয়া এবং জ্বর অনুভূত হলে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন।