চলতি বছরে দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫০০ ছাড়িয়ে ৫০২ জনে পৌঁছেছে। পাশাপাশি, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। একই সময়ে দেশজুড়ে নতুন ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, রাজশাহী বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২০১ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গিয়েছিল, সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল এবং শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ছাড়িয়েছিল।

বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকরা বিশেষ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে— এডিস মশার প্রজননস্থল অবিলম্বে ধ্বংস করা, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং শরীরে জ্বর দেখা দিলে বিন্দুমাত্র অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।